চট্টগ্রামে আবার ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় গতকাল বুধবার দুপুরে ককটেল বিস্ফোরণের পর পুলিশ চট্টগ্রাম কলেজে অভিযান চালিয়েছে। বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
এর আগে গত মঙ্গলবার রাত ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাসভবনের সীমানার মধ্যে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। রাজনৈতিক দুর্বৃত্তরা এ কাণ্ড ঘটায় বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
স্থানীয় লোকজনের ধারণা, বৌদ্ধমন্দিরের পাশে একটি বহুতল ভবনে জামায়াত-শিবিরের অস্থায়ী কার্যালয় আছে। বিভিন্ন ঝটিকা মিছিল কিংবা ককটেল বিস্ফোরণের আগে দলীয় কর্মীরা ওই কার্যালয়ে জড়ো হন। সেখান থেকে জেলা প্রশাসকের বাসভবনের সীমানায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে পুলিশ কর্মকর্তারাও মনে করছেন।
এদিকে গতকাল বুধবার দুপুরের দিকে নগরের বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় পর পর ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ছাত্রশিবির। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরই হামলাকারীরা পালিয়ে যায়।
কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মির্জা মোহাম্মদ সায়েম প্রথম আলোকে বলেন, রাহাত্তারপুলে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা আকস্মিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় তাঁরা কয়েকটি গাড়িও ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরই তাঁরা পালিয়ে যান। তিনি আরও বলেন, জেলা প্রশাসকের বাসভবনের সীমানার মধ্যে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। আতঙ্ক সৃষ্টি করা ছিল দুর্বৃত্তদের উদ্দেশ্য। হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে চট্টগ্রাম কলেজে একজন ছাত্রকে আটকে শিবির ক্যাডাররা মারধর করে। এই সংবাদ পুলিশের কাছে যায়। বাকলিয়ার ঘটনা ও চট্টগ্রাম কলেজে ছাত্রকে মারধরের জের ধরে গতকাল বিকেলের দিকে পুলিশ অভিযান শুরু করে। চট্টগ্রাম কলেজ ঘেরাও করে পুলিশ চিরুনি অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। যাদের সবাই বহিরাগত।
নগর পুলিশ দক্ষিণাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘একজন ছাত্রকে আটকে রেখে মারধরের অভিযোগ সঠিক ছিল। ওই ছাত্রকে পরে ছেড়ে দেওয়া হয়। আমরা সেই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম কলেজে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি।’ তিনি বলেন, আটক তিনজন বাকলিয়ায় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করে দেখা হচ্ছে।