চট্টগ্রামে আবার গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কিছু এলাকায় গ্যাসের চাপ আবার কমে গেছে। কিছুদিন ধরে সকাল আটটা বা নয়টার পর চুলা জ্বলছে না।
এতে রান্নাবান্নায় মারাত্মক সমস্যা হচ্ছে। গ্যাস-সংকটের কারণে অনেকে ভোরে কিংবা মধ্যরাতে রান্নাবান্না সেরে নিচ্ছেন।
জানা যায়, গত মঙ্গলবার থেকে নগরের বাকলিয়া, রহমতগঞ্জ, জামালখান, কাজীর দেউড়িসহ কয়েকটি এলাকায় চুলায় গ্যাসের চাপ কমে যায়।
নগরের বাকলিয়া এলাকার গৃহিণী কামরুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন ধরে সকাল সাতটার পর আমাদের চুলা আর জ্বলে না। দুপুরের দিকে গ্যাসের সরবরাহ এলে টিমটিম করে চুলা জ্বলে। সন্ধ্যার আগেই আবার চুলা নিভে যায়। রাত ১২টার পর আবার গ্যাস পাই। এ কারণে আমরা মধ্যরাত কিংবা ভোরে রান্নাবান্না সেরে নিচ্ছি।’
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. সহীদ আলী প্রথম আলোকে বলেন, কুমিল্লার বাঙ্গুরা গ্যাসফিল্ডে সংস্কারকাজ চলছিল। তাই গত মঙ্গলবার থেকে চট্টগ্রামে গ্যাসের চাপ কমে আসে। সংস্কারের পর বাঙ্গুরা গ্যাসফিল্ড থেকে সরবরাহ শুরু হয়েছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুক্রবার পর্যন্ত লেগে যেতে পারে।