চট্টগ্রামে আবার জেগেছেন তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামসহ সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের পর আবার উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের প্রেসক্লাব চত্বর। গতকাল শুক্রবার দুপুরে জামায়াতের তাণ্ডবের পর বিক্ষুব্ধ তরুণেরা প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের সামনে জমায়েত হয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন।এর আগে দুপুরে জামায়াত-শিবির কয়েকটি ধর্মীয় সংগঠনের আড়ালে প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের স্থানে রক্ষিত মঞ্চের ব্যানার ও ভাস্কর্যে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ সময় প্রেসক্লাব ও আশপাশের দোকানপাট ভাঙচুর করেন জামায়াতের কর্মীরা।এদিকে জামায়াত-শিবিরের তাণ্ডবের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জামায়াত-শিবিরের সহিংস রাজনীতির প্রতিবাদে আজ শনিবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মঞ্চের স্বতঃস্ফূর্ত আন্দোলন সম্পর্কে নেতিবাচক অপপ্রচার শুরু করে জামায়াত। তারা সরাসরি ধর্ম নিয়ে উসকানি দেওয়া শুরু করেছে।মঞ্চের আহ্বায়ক এ কিউ এম সিরাজুল ইসলাম ও সদস্যসচিব চন্দন দাশ স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, ‘বৃহস্পতিবার আমরা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছি। আজ (গতকাল) জামায়াত-শিবির চট্টগ্রামসহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা চালানোর পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চে হামলা, ভাঙচুরের পাশাপাশি শহীদ মিনারে হামলা চালাতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করেনি। জামায়াত-শিবিরের এসব সহিংসতা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করেছে। গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, তা কোনো ধর্ম কিংবা ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে নয়। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্যও নয়। আমরা শুধু একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় জামায়াতে ইসলামীর বিচার দাবি করছি। আমরা জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। আজ সারা দেশে যে সহিংস ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি, এ সহিংসতার দায় একমাত্র জামায়াতে ইসলামী ও তাদের দোসর ছাত্রশিবিরের। তারা ধর্মীয় ইস্যুতে উসকানি দিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’