চট্টগ্রামে আবার শুরু হয়েছে পলিথিনের ব্যবহার
চট্টগ্রামের হাটবাজারে আবার যথেচ্ছ ব্যবহার শুরু হয়েছে নিষিদ্ধ পলিথিনের। সবজি, মাছ, মাংসসহ বিভিন্ন পণ্য বহনের জন্য ব্যবহার করা হচ্ছে পাতলা পলিথিন। এতে মাটির উর্বরতাশক্তি হ্রাস, জলাবদ্ধতাসহ পরিবেশে দূষণ দেখা দিচ্ছে।পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. জাফর আলম বলেন, ‘খুব ভালোভাবেই পলিথিন ফিরে এসেছে। এটার জন্য আপনি-আমি দায়ী। একজন দোকানি আমাকে পলিথিন দিলে আমি তো তাকে নেব না বলে ফিরিয়ে দিচ্ছি না। চাহিদাটা আমরাই বাড়িয়ে দিচ্ছি, যার জন্য বিকল্প কোনো ব্যবস্থা গড়ে উঠছে না।’পরিবেশদূষণ রোধে ২০০১ সালে পলিথিন নিষিদ্ধ করা হয়। কিন্তু ১০ বছরে পলিথিন ব্যবহারের চিত্র এখন আবার নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মানুষের হাতে হাতে দেখা যায় পলিথিন ব্যাগ। স্বল্প খরচে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পলিথিনের ব্যবহার বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।সরেজমিনে দেখা গেছে, নগরের কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাটে সবজি থেকে মাছ-মাংস পর্যন্ত সবকিছু বহনের জন্য দেওয়া হচ্ছে পলিথিন। বহদ্দারহাটের মাছ বিক্রেতা মো. ইব্রাহিম বলেন, ‘একটি নেটের ব্যাগ দুই টাকা। আধা কেজি মাছের সঙ্গে আমি কীভাবে এটা দেব? পলিথিনের ক্ষেত্রে খরচ পড়ে ৫০ পয়সা।’পরিবেশ অধিদপ্তর ২০১২ সালে চট্টগ্রাম বিভাগে ৬০টি অভিযান চালিয়ে ছয় হাজার ৯৮৫ কেজি পলিথিন জব্দ করেছে। এ সময় উৎপাদন ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছয় লাখ ৬৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। নগরের হালিশহরে পলিথিনের একটি কারখানা বন্ধ করা হয়।কিন্তু এর পরও থেমে নেই পলিথিন উৎপাদন ও বিপণন। ৩ জানুয়ারি নগরের আন্দরকিল্লার রহমতগঞ্জ এলাকায় মডার্ন পলি প্রোডাক্টস অ্যান্ড প্রিন্টার্স নামের একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ৩০ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।কারখানায় কর্মরত মো. ইকবাল হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘প্রতিদিন ১০ থেকে ২০ বস্তা পলিথিন উৎপাদন করা হয় এখানে। নগরের রিয়াজউদ্দিন বাজার, চাক্তাই, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে এগুলো চলে যায়।’ সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি বিজয় কুমার চৌধুরী বলেন, ‘নালা-নর্দমার জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পলিথিন। এ ছাড়া আমরা বিভিন্ন সময় খাল খনন করতে গিয়ে দেখেছি পলিথিনে তা ভর্তি হয়ে আছে।’