চট্টগ্রামে আবাসন প্রতিষ্ঠান ও চার কারখানাকে জরিমানা
পরিবেশদূষণ, জনদুর্ভোগ ও ঝুঁকি সৃষ্টির দায়ে গত দুই দিনে চট্টগ্রামে একটি আবাসনপ্রতিষ্ঠানসহ চারটি শিল্পকারখানাকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকার পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরীর নেতৃত্বে এসব অভিযান চালানো হয়।প্রতিষ্ঠানগুলো হচ্ছে সাফ হোল্ডিংস লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, পদ্মা এগ্রোকেমিক্যালস লিমিটেড, সার অ্যান্ড কোং লিমিটেড ও তাহেরী ফ্লাওয়ার লিমিটেড। এর মধ্যে গতকাল মঙ্গলবার পতেঙ্গা এলাকার পদ্মা এগ্রোকেমিক্যালসকে এক লাখ, সাগরিকা শিল্প এলাকার সার অ্যান্ড কোং লিমিটেডকে সাড়ে ১০ লাখ, তাহেরী ফ্লাওয়ার লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। আগের দিন সোমবার বিসিআইসির নিয়ন্ত্রণাধীন উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরিকে ১০ লাখ ৫০ হাজার ও সাফ হোল্ডিংসকে চার লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পদ্মা এগ্রোকেমিক্যালস ও সার অ্যান্ড কোং লিমিটেড বর্জ্য পরিশোধন প্লান্ট (ইটিপি) ছাড়া উৎপাদন কর্মকাণ্ড চালাচ্ছিল। তাহেরী ফ্লাওয়ার পরিবেশ ছাড়পত্র নবায়ন না করে চার বছর ধরে উৎপাদনকাজ করছিল।পরিবেশ অধিদপ্তরের দলটি ভূমিধস প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে পরিবেশের ক্ষতিসাধন এবং পাশের আবাসিক ভবনকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে চট্টগ্রাম কলেজ রোডসংলগ্ন সাফ হোল্ডিংস লিমিটেডকে চার লাখ টাকা জরিমানা করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ইমারত নীতিমালা পালনের নির্দেশ দেওয়া হয়। সাফ হোল্ডিংসের চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর জামায়াতের সভাপতি সাংসদ আ ন ম শামসুল ইসলাম।কালুরঘাটে অবস্থিত বিসিআইসির নিয়ন্ত্রণাধীন উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি পরিবেশ ছাড়পত্র ছাড়া দীর্ঘ ১৩ বছর ধরে উৎপাদন কার্যক্রম চালাচ্ছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে অবিলম্বে পরিবেশগত ছাড়পত্র নেওয়ার নির্দেশ দেওয়া হয়।