চট্টগ্রামে আবাসিক থেকে বাণিজ্যিক স্থাপনা সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের বিভিন্ন এলাকার আবাসিক ভবনে অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের খুলশী আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়। ১৩টি ভবন থেকে দুই থেকে তিন মাসের মধ্যে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন সিডিএর ভ্রাম্যমাণ আদালত।

সিডিএর ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, খুলশী আবাসিক এলাকার ১ থেকে ৫ নম্বর সড়কের ১৩টি ভবনে অভিযান চালানো হয়। এসব ভবনের মধ্যে ১০টিতে গেস্টহাউস ও রেস্তোরাঁ, একটিতে ব্যাংকের শাখা কার্যালয়, একটিতে আবাসন প্রতিষ্ঠানের কার্যালয় এবং অন্যটিতে বায়িং হাউস রয়েছে। অভিযানে ইমপালস প্রপার্টিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা, জাবেদ আলম ও মামুনুর রহমানের নামের দুই রেস্তোরাঁ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। তিনি প্রথম আলোকে বলেন, আবাসিক ভবনকে অবৈধভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য একটি আবাসন প্রতিষ্ঠান ও দুই রেস্তোরাঁ মালিককে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তিনটিসহ মোট ১৩টি ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে ভবনমালিক ও ব্যবহারকারীদের দুই থেকে তিন মাস সময় দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সিডিএর ভ্রাম্যমাণ আদালত অভিযানের শুরুতে খুলশী আবাসিক এলাকার ২ নম্বর সড়কের নাজনীন’স নামের একটি ভবনে প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু ভেতর থেকে কেউ ফটক না খোলায় সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। এরপর বিপরীত পাশের আরেকটি ভবনে অভিযান চালানো হয়। সেখানে হিলটপ ইন নামের একটি গেস্টহাউস গড়ে তোলা হয়েছে। এই সড়কের ৮ নম্বর প্লটের তিনতলা ভবনে চলছে টিউলিপ থাই বিউটি পারলারের স্পা ও ফুডের কার্যক্রম। একই সড়কে দোতলা ভবনে কোরিয়া রেস্তোরাঁ নামের একটি রেস্তোরাঁ চালাচ্ছেন দক্ষিণ কোরিয়ার এক বাসিন্দা।

হিলটপ ইনের ব্যবস্থাপক মার্ক গোমেজ দাবি করেন, সব ধরনের অনুমতি নিয়ে সেখানে গেস্টহাউস পরিচালনা করা হচ্ছে। তবে টিউলিপ থাই বিউটি পারলারের তত্ত্বাবধায়ক লিমন কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সিডিএর অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান প্রথম আলোকে বলেন, সিডিএর অনুমতি ছাড়া নগরের বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব বাণিজ্যিক স্থাপনা অপসারণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে নগরের সব আবাসিক এলাকায় অভিযান চালানো হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান, অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা আনোয়ার হোসেন ও তানজীব হোসেন। অভিযানে সহায়তা করে নগর পুলিশ।