চট্টগ্রামে আবাসিক ভবন থেকে দোকান অপসারণ
চট্টগ্রাম নগরের একটি আবাসিক ভবন থেকে ছয়টি দোকান অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার নগরের সিরাজদৌল্লা সড়কের পাশে রোকেয়া হেরিটেজ নামের ভবনে অভিযান চালিয়ে দোকানগুলো অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
সিডিএর অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, আবাসিক ব্যবহারের জন্য আটতলা ভবনটির অনুমোদন দেওয়া হয়। কিন্তু ভবনটির গাড়ি রাখার জায়গায় এবং একতলায় দোকান ভাড়া দেওয়া হয়েছে। বাণিজ্যিকভাবে ব্যবহার করায় ভবনের ভূগর্ভস্থ তলা (বেসমেন্ট) এবং একতলা থেকে সব দোকান উচ্ছেদ করা হয়েছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গতকাল দুপুরে অভিযান চলাকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির ভূগর্ভস্থ তলা ও প্রথম তলায় দর্জির দোকান, জেনারেল স্টোর ও ওষুধের দোকান আছে। প্রায় ২৫ জন শ্রমিক হাতুড়ি ও শাবল দিয়ে এসব দোকানের দেয়াল ভাঙছেন। এ সময় দোকানিরা তাঁদের দোকানের মালামাল বের করে নেন। ভবনের অন্যান্য অংশ আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছে।