চট্টগ্রাম নগরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ফলে ফরমালিন মিশ্রণের প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার নগরের স্টেশন রোডের ফলমন্ডি, পাহাড়তলী বাজারে এই অভিযান পরিচালনা করেন বিএসটিআই পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল ইসলাম ও তাইমিম আল ইয়ামিন। আদালত তিন বিক্রেতাকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।
নগরের বিআরটিসি মোড়ের ফলমন্ডিতে অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান একটি দোকান থেকে ১৮৬ কেজি ফরমালিযুক্ত আম জব্দ করেন। দিহান এন্টারপ্রাইজ নামের ওই দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি আমগুলো ধ্বংস করা হয়। অভিযানের সময় অনেকগুলো দোকান বন্ধ করে বিক্রেতারা চলে যান।
এদিকে, ম্যাজিস্ট্রেট তাইমিম আল ইয়ামিনের নেতৃত্বে অপর একটি আদালত নগরের পাহাড়তলী বাজার, অলংকার মোড় এবং স্টেশন রোড এলাকায় অভিযান চালান। এ সময় পাহাড়তলী বাজারের একটি দোকানের লিচুতে ফরমালিন পাওয়ায় বিশুদ্ধ খাদ্য আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফরমালিন মিশ্রিত ৬০০ লিচু ধ্বংস করা হয়। একই আদালত নগরের স্টেশন রোড এলাকায় ফলের দোকানে অভিযান চালান। এ সময় আঙুরে ফরমালিন পাওয়ায় এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।