চট্টগ্রামে আমিন জুট মিলের কাছের কলোনিতে আগুন, মৃত ১
চট্টগ্রাম নগরের আমিন জুট মিল এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডে এক তরুণ দগ্ধ হয়ে মারা গেছেন। তাঁর নাম মো. সোহেল রানা (১৯)। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে একটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোহেল রানা কুমিল্লার মুরাদনগর এলাকার হুমায়ূন কবিরের ছেলে। তিনি আমিন জুট মিল জাহাঙ্গীর কলোনিতে ভাঙারি দোকানে কাজ করতেন। ঘুমের মধ্যে তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে পুড়ে যাওয়া ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, ভেতর থেকে দরজা বন্ধ করে তিনি ঘুমিয়ে ছিলেন। আগুনে পুরোপুরি অঙ্গার হয়ে গেছেন সোহেল। ভাঙারি দোকানের ভেতর তিনি দগ্ধ হন। তাঁর মা ও ভাইকে লাশ বুঝিয়ে দেওয়া হয়।
নিহত সোহেলের মা মনোয়ারা বেগম অসুস্থ। ছেলের মৃত্যু খবর শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। ছেলের লাশ দেখার জন্য তিনি অপর ছেলে আনোয়ার হোসেনকে নিয়ে আমিন জুট মিল এলাকায় ছুটে যান।
জানা গেছে, আগুনে দুটি ভাঙারি দোকান ও ১৯টি বসতঘর পুড়ে গেছে। এসব ঘরের মালিক জাহাঙ্গীর নামের এক ব্যক্তি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচারক মো. জসীম উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাত দুইটার দিকে আগুন নেভায়। আগুনে আমিন জুট মিলসংলগ্ন জাহাঙ্গীর কলোনির ১৯টি এক কক্ষবিশিষ্ট ঘর পুড়ে গেছে। এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের দাবি।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আসকার দীঘির পাড়ে অগ্নিকাণ্ডে ষাটোর্ধ্ব এক ব্যক্তি মারা যান।