চট্টগ্রামে আমীর খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটারবিহীন ও নীলনকশার নির্বাচনের মাধ্যমে একটি অনির্বাচিত সংসদ ও অনির্বাচিত সরকারের যাত্রা শুরু হয়েছে। আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় জোর করে দেশ চালাচ্ছে। কালো পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেওয়ার মাধ্যমে চট্টগ্রামের জনগণ আবারও এই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে।
গতকাল বুধবার ১৯-দলীয় জোট আয়োজিত কালো পতাকা নিয়ে বিক্ষোভ সমাবেশে আমীর খসরু এ কথা বলেন।
পুলিশের অনুমতি না পাওয়ায় গতকাল বিকেলে মিছিলের পরিবর্তে বিএনপির কার্যালয় নাসিমন ভবন চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আমীর খসরু বলেন, ‘জনগণ নিপীড়ন, নির্যাতন, গুম ও হত্যা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।’ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন৷