চট্টগ্রামে আরএসও নেতাসহ পাঁচজনের ফের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হওয়া মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতা এবং পাকিস্তানের এক নাগরিকসহ পাঁচজনের আবার পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. ফরিদ আলম গতকাল রোববার রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ নভেম্বর নগর গোয়েন্দা পুলিশ জিইসি মোড়ের একটি আবাসিক হোটেল থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন আরএসওর সভাপতি সালামত উল্লাহ (৪৫) ও সহসভাপতি মো. শফিউল্লাহ (৪০), পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), মোহাম্মদ আমিন (৫০) ও সৌদিপ্রবাসী রোহিঙ্গা আবদুল মজিদ। এঁদের মধ্যে মোহাম্মদ আমিনকে দুদিন এবং বাকি চারজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। রোহিঙ্গা এবং জঙ্গিদের অর্থসহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।