চট্টগ্রামে আরও আটটি বিলবোর্ড অপসারণ
চট্টগ্রাম নগর পুলিশের তৃতীয় দিনের অভিযানে আটটি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশনের সহযোগিতায় গতকাল শুক্রবার নগরের গরিবউল্লাহ শাহ মাজার এলাকা, এম এম আলী সড়কের ফুটপাতে এই অভিযান চালানো হয়।
ফুটপাতে অবৈধভাবে এসব বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন নগর পুলিশের কমিশনার আবদুল জলিল মন্ডল।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, অপসারিত ৯০০ বর্গফুটের বিলবোর্ডটি স্থাপন করেছিল অ্যাড গার্ডেন। এর মালিক নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া। এ ছাড়া সাইন অ্যান্ড সাইট নামের প্রতিষ্ঠানটি ৮০০ বর্গফুটের একটি বিলবোর্ড স্থাপন করে। অপর বিলবোর্ডটিও ছিল ৮০০ বর্গফুটের। অপসারণ করা বিলবোর্ডের সরঞ্জাম সিটি করপোরেশনের জিম্মায় রাখা হয়েছে। বাকি পাঁচটি বিলবোর্ড অপসারণ করা হয় এম এম আলী সড়ক থেকে। সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, ফুটপাতের ওপর বিলবোর্ড স্থাপনে করপোরেশনের কোনো অনুমতি নেওয়া হয়নি। তাই এগুলো উচ্ছেদ করা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (এসি) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য আমরা তাঁদের নাম-ঠিকানা সংগ্রহ করছি।’
স্থানীয়রা জানান, অপসারণ করা এসব বিলবোর্ড সড়কের ওপর রাখায় সিডিএ অ্যাভিনিউয়ের এক পাশে এবং এম এম আলী সড়কে দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ কম ছিল।
চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বলেন, অপসারণ করা বিলবোর্ডগুলো রাখার কোনো জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কে রাখতে হয়।