চট্টগ্রামে আরও ছয়টি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বিলবোর্ড অপসারণে চট্টগ্রাম নগর পুলিশের অভিযান অব্যাহত আছে। গতকাল শনিবার নগরের তিনটি এলাকার ফুটপাত থেকে ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
সিটি করপোরেশনের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।
সরেজমিনে দেখা যায়, গতকাল সকাল ১০টার দিকে নগরের আলমাস সিনেমা হলের বিপরীত পাশের ফুটপাত থেকে চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়ার মালিকানাধীন অ্যাড গার্ডেনের দুটি বিলবোর্ড অপসারণ করে পুলিশ।
এ ছাড়া লালখান বাজার এলাকার ইস্পাহানি মোড় থেকে তিনটি ও ওয়াসা মোড় থেকে একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়। আর নগরের জিইসি মোড় ও গোলপাহাড় মোড় এলাকা থেকে ৫১টি ছোট আকৃতির সাইনবোর্ড অপসারণ করা হয়।
নগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শাহ মোহাম্মদ আবদুর রউফ বলেন, নগরের ফুটপাত থেকে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগর পুলিশ ১ জানুয়ারি নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করে। ওই দিন দুটি, গত বৃহস্পতিবার ১৭টি ও গত শুক্রবার আটটি বিলবোর্ড অপসারণ করা হয়।