চট্টগ্রামে আরও নয়টি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের সিডিএ অ্যাভিনিউ সড়কের দুই পাশের ফুটপাতে অভিযান চালিয়ে ছোট-বড় নয়টি বিলবোর্ড অপসারণ করেছেন। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চলে। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
গত সোমবার শুরু হওয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ পর্যন্ত মোট ২২টি ছোট-বড় বিলবোর্ড অপসারণ করা হয়েছে।
বিলবোর্ড উচ্ছেদ অভিযানে গতকাল থেকে জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট যুক্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। শনিবার সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন বিলবোর্ড উচ্ছেদ অভিযানে দুজন ম্যাজিস্ট্রেট দেওয়ার জন্য জেলা প্রশাসককে ফোন করেছিলেন।
সিডিএ অ্যাভিনিউয়ের বিপণিবিতান স্যানমার থেকে ২ নম্বর গেট এলাকা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অ্যাড রিলেশনের বিলবোর্ড উচ্ছেদ করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কে কুদ্দুস অ্যাডের দুটি বিলবোর্ড অপসারণ এবং প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অ্যাড সিটির দুটি বিলবোর্ড অপসারণ এবং প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা। মৃত্তিকা আর্টের বিলবোর্ড উচ্ছেদের পাশাপাশি জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা। অ্যাডকেয়ারের একটি বিলবোর্ড অপসারণ ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরও দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, ফুটপাতে ও কবরস্থানের পাশে অবৈধভাবে স্থাপন করায় এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক দুজন ম্যাজিস্ট্রেট দেওয়ার কথা বলেছেন। তবে রোববার (গতকাল) বিকেল পর্যন্ত এ-সংক্রান্ত কোনো চিঠি পাইনি। দুজন ম্যাজিস্ট্রেট এলে বিলবোর্ড উচ্ছেদ অভিযান আরও জোরদার হবে।’