চট্টগ্রামে আরও পাঁচটি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদের শেখ মুজিব সড়ক থেকে অনুমোদনহীন পাঁচটি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব বিলবোর্ডের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশের সহায়তায় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত চলা অভিযানে নগরের ব্যস্ততম শেখ মুজিব সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। পাঁচটি বিলবোর্ডের মধ্যে ফুটপাতে ছিল তিনটি ও সড়ক বিভাজকে ছিল দুটি। বিলবোর্ড অপসারণে দুটি বড় ক্রেন ব্যবহার করা হয়।
দুটি ক্রেন দিয়ে বিলবোর্ডের লোহার খুঁটি অপসারণ (কেটে ফেলা) করার সময় কয়েকবার যান চলাচল বন্ধ রাখতে হয়। এতে সড়কের দুই দিকে আটকা পড়ে গাড়ি।
অভিযানে বিন্দু অ্যাডকে ১০ হাজার টাকা, স্কাই স্টারকে ৫ হাজার, রূপসী চাটগাঁও অ্যাড কমিউনিকেশনকে ১২ হাজার, এস এ অ্যাডকে ৫ হাজার এবং আরশীনগরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরেজমিনে দেখা যায়, বেলা একটার দিকে শেখ মুজিব সড়কের বিভাজক থেকে রূপসী চাটগাঁও অ্যাড কমিউনিকেশনের একটি বিলবোর্ড অপসারণ করা হয়। এর কিছুক্ষণ পর কাগজপত্র নিয়ে এসে হাজির হন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল গফুরের স্ত্রী শামসুন নাহার। তিনি ম্যাজিস্ট্রেটের কাছে দাবি করেন, অপসারণ করা বিলবোর্ডটি ছিল বৈধ ও এ জন্য করপোরেশনকে নিয়মিত কর পরিশোধ করা হয়েছে। স্বামী অসুস্থ থাকায় তাঁকে আসতে হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে নাজিয়া শিরিন বলেন, ‘বিলবোর্ড অপসারণ করতে গেলেই সবাই কাগজপত্র নিয়ে হাজির হন। আমাদের দাপ্তরিক নথিপত্রে এসব কাগজপত্র নেই। আমরা তালিকা অনুযায়ী অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করছি।’