চট্টগ্রামে আরও পাঁচটি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগরের চকবাজার এলাকা থেকে পাঁচটি বিলবোর্ড ও ৩০টি সাইনবোর্ড অপসারণ করেছেন। এ সময় চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অভিযান চলে। অভিযান পরিচালনা করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
সিটি করপোরেশন সূত্র জানায়, অভিযানে প্যানথার অ্যাডের একটি বিলবোর্ড উচ্ছেদ এবং প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাচী অ্যাডের একটি বিলবোর্ড অসপারণ করে প্রতিষ্ঠানটিকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সাকিব ক্রিয়েশন অ্যান্ড কালেকশনের একটি বিলবোর্ড উচ্ছেদ এবং প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। হলোগ্রাম মার্কেটিংয়ের একটি খুঁটি অপসারণ করে প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, অবৈধভাবে স্থাপন করায় বিলবোর্ড ও সাইনবোর্ডগুলো অপসারণ করা হয়েছে।
গতকালের অভিযানে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, রাজস্ব ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
১ জুন নগরের অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করে সিটি করপোরেশন। গতকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে ৮১টি ছোট-বড় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়।