চট্টগ্রামে আরও ১৫টি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের জামালখান এলাকায় অভিযান চালিয়ে ছোট-বড় ১৫টি বিলবোর্ড অপসারণ করেছেন। এ সময় ছয়টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, অভিযানে অ্যাডভেলির ছয়টি ছোট বিলবোর্ড অপসারণ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। অ্যাড লিংকের তিনটি বিলবোর্ড অপসারণ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে। এ ছাড়া আনিস নিয়ন সাইন, বাংলাদেশ নিয়ন সাইন ও দেশ অ্যাডভারটাইজিংয়ের একটি করে বিলবোর্ড অপসারণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এস এ অ্যাডের একটি বিলবোর্ড অপসারণ এবং প্রতিষ্ঠানটিকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করায় ১৫টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি করপোরেশন নগরের অবৈধ বিলবোর্ড অপসারণে ১ জুন অভিযান শুরু করে। গতকাল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ৭২টি ছোট-বড় বিলবোর্ড অপসারণ করা হয়েছে।