চট্টগ্রামে আরও ২৯ জনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার দুই বর্তমান কাউন্সিলরসহ ২৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, ঋণখেলাপি, প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়া, বয়স কম এবং তথ্য গোপন করায় সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁদের মধ্যে সাধারণ ওয়ার্ডের ২৩ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ছয়জন প্রার্থী রয়েছেন।
বিএনপি-সমর্থিত ৪ নম্বর মোহরা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোহাম্মদ আজম ঋণখেলাপি এবং ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুল আলম মামলার তথ্য গোপন করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ ছাড়া ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের দুই প্রার্থী সলিমউল্লাহ বাচ্চু ঋণখেলাপি ও স্বরূপ বিকাশ বড়ুয়া প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এখন এই ওয়ার্ডে একমাত্র প্রার্থী রয়েছেন বিএনপি-সমর্থিত কাউন্সিলর আবদুল মালেক। বয়স কম হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের রমজান আলীর।
বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন এক মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ডের আটজন ও সংরক্ষিত ওয়ার্ডের চার কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
দুই দিনের যাচাই-বাছাই শেষে এখন মেয়র পদে প্রার্থী রইলেন ১২ জন। তাঁরা হলেন বিএনপি-সমর্থিত মোহাম্মদ মনজুর আলম, আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন, জাতীয় পার্টি-সমর্থিত সোলায়মান আলম শেঠ, ইসলামী ফ্রন্ট-সমর্থিত এম এ মতিন, ইসলামিক ফ্রন্ট-সমর্থিত এইচ এম মুজিবুল হক, বিএনএফ-সমর্থিত আরিফ মঈনুদ্দিন, সাইফুদ্দিন আহমেদ রবি, মোহাম্মদ শফিউল আলম, ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, সৈয়দ সাজ্জাদ দোহা ও আবুল কালাম আজাদ।
এ ছাড়া সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে টিকে আছেন ২৫৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৬১ জন প্রার্থী।