চট্টগ্রামে আরও ৪৪টি বিলবোর্ড অপসারণ
অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। অভিযানের তৃতীয় দিনে ছোট-বড় ৪৪টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। গত শনিবার রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত আট ঘণ্টায় এসব বিলবোর্ড অপসারণ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তাঁর সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন।
নগরের টেক্সটাইল মোড়, দেওয়ানহাট, অক্সিজেন মোড় ও টাইগার পাস এলাকা থেকে এসব বিলবোর্ড অপসারণ করা হয়। দিনের বেলায় যানজট এড়াতে রাতে এ কার্যক্রম চলছে বলে সিটি করপোরেশন জানায়।
অভিযানে নগর পুলিশের সদস্য ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে নগরের চারটি এলাকা থেকে ২০টি বড় ও ২৪টি ছোট বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানের গতি বাড়াতে ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতি আরও বাড়ানোর বিষয়টি ভাবা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার রাতে ১২টি ও দ্বিতীয় দিন শুক্রবার ৪০টি বিলবোর্ড অপসারণ করা হয়। এ নিয়ে তিন দিনে ছোট-বড় ৯৬টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। এর আগে গত বছরের ১ জুন বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করে সিটি করপোরেশন।
প্রায় এক মাসব্যাপী ওই অভিযানে ছোট-বড় ১৮৩টি বিলবোর্ড অপসারণ করা হয়।