চট্টগ্রামে আরও ৫টি বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পুলিশের যৌথ অভিযানের ষষ্ঠ দিনে আরও পাঁচটি বিলবোর্ড অপসারণ করা হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম নগরের চৌমুহনী মোড়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন।

এদিকে নগরের ঢাকা-ট্রাংক (ডিটি) সড়ক থেকে সাতটি বিলবোর্ডের খুঁটি উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযান পরিচালনা করেন সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে বিলবোর্ড ব্যবসায়ীদের সংক্ষিপ্ত আলোচনা হয়। সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে সিডিএর সড়ক থেকে বিলবোর্ড সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছেন চেয়ারম্যান মহোদয়। এর মধ্যে সরানো না হলে ৭ ডিসেম্বর পুনরায় অভিযান শুরু করা হবে।’

করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে চৌমুহনী মোড়ের ফুটপাত থেকে দুটি বিলবোর্ড এবং সাধারণ বীমা ভবনের সামনের ফুটপাত থেকে দুটি ও সড়ক বিভাজক থেকে একটি বিলবোর্ড অপসারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিলবোর্ড সরিয়ে না নেওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাধারণ বীমা ভবনের সামনের ফুটপাত থেকে দুটি বিলবোর্ড উচ্ছেদ করা হলেও নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়ার মালিকানাধীন বিলবোর্ডটি অপসারণ করা হয়নি। অভিযানে থাকা লোকজন এটি অপসারণ করতে শুরু করলে করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলামের সঙ্গে সনৎ বড়ুয়ার কথা-কাটাকাটি হয়। এ সময় অভিযানের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন বিলবোর্ডটি অপসারণ করতে নিষেধ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বিলবোর্ডটির কাগজপত্র ঠিক আছে। তবে অন্যগুলো অবৈধ তালিকায় থাকায় উচ্ছেদ করা হয়েছে।

নাজিয়া শিরিনবলেন, ‘বিলবোর্ড উচ্ছেদ করতে গেলে লোকজন অনুমোদনের কাগজপত্র নিয়ে আসেন। তাই এসব কাগজপত্র যাচাই-বাছাই করে দেখার জন্য অনুরোধ করেছি।’

নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া বলেন, ‘তারা (করপোরেশন) যদি আমার বৈধ বিলবোর্ড কেটে শান্তি পায়, তাহলে কেটে ফেলুক। আমি আর প্রতিবাদ করব না।’