চট্টগ্রামে আরেকটি উড়ালসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়কের জিইসি মোড় এলাকায় গাড়ি ওঠানামার পথ রাখা হবে। আগের নকশায় এখানে এই পথ রাখা হয়নি। উড়ালসড়ক নির্মাণের সময় নগরবাসীর যাতে ভোগান্তি না হয়, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া প্রস্তাবিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত সেতু পর্যন্ত উড়ালসড়কের সঙ্গে এই উড়ালসড়ক সংযুক্ত করতে নতুন আরেকটি উড়ালসড়ক নির্মাণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের যানজট নিরসনে করণীয় নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
সিডিএ নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত সাড়ে ৪০০ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের একটি উড়ালসড়ক নির্মাণ করতে যাচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পের জন্য ঠিকাদার নিয়োগের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। সিডিএ ইতিমধ্যে বহদ্দারহাট এলাকায় একটি উড়ালসড়ক নির্মাণ করেছে। এ ছাড়া কদমতলী এলাকায় আরও একটি উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, বিমানবন্দরের সঙ্গে যাতায়াতব্যবস্থা নির্বিঘ্ন করতে আরও একটি উড়ালসড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এটি দিয়ে মুরাদপুর-লালখান বাজার উড়াল সড়ক এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত সেতু পর্যন্ত প্রস্তাবিত উড়ালসড়ক সংযুক্ত করা হবে। নগরের বারিক বিল্ডিং মোড় থেকে লালখান বাজার পর্যন্ত এই উড়ালসড়ক নির্মাণ করা হবে।
সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, নগরের গুরুত্বপূর্ণ সিডিএ অ্যাভিনিউতে মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক নির্মাণ করা হবে। নগরবাসী যাতে কষ্ট না পায়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে।
নগর পরিকল্পনাবিদ আলী আশরাফ বলেন, চট্টগ্রাম নগরে আরও নতুন নতুন সড়ক নেটওয়ার্ক ও বিকল্প সড়ক তৈরি করতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রমুখ। সভায় চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।