চট্টগ্রামে আরেকটি ঢিলেঢালা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল সোমবার আরেকটি ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। বড় ধরনের সংঘাতের ঘটনা নেই। তবে নগরের আসকারদীঘির পাড়ে সিএনজিচালিত অটোরিকশার এক চালক পিকেটারের ছোড়া ঢিলে চোখে আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নিরুত্তাপ এই হরতালে পুলিশ এক পিকেটারকে আটক করেছে। গতকাল সকাল থেকেই দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বর ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। সেখানেই তাঁরা মিছিল-সমাবেশ সীমাবদ্ধ রাখেন। গোটা নগরের আর কোথাও বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের পিকেটিং চোখে পড়েনি।পুলিশ সূত্র জানায়, সকালের দিকে কোতোয়ালি থানার আলমাস সিনেমার হলের সামনে টেম্পো ভাঙচুরের সময় এক পিকেটারকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, আসকারদীঘির পাড়ে পিকেটারের ছোড়া ঢিলে সিএনজিচালিত অটোরিকশার এক চালক চোখে আঘাত পেয়েছেন। তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকালের হরতালে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। বিপণিবিতানগুলো খোলেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দিনের বেলায় বন্ধ ছিল। ভাঙচুরের আশঙ্কায় রাস্তায় অনেকে ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) বের করেনি। তবে সকাল থেকে বিপুলসংখ্যক গণপরিবহন চলাচল করেছে। রিকশা, অটোরিকশা, রাইডার ও বাসের দখলে ছিল সড়কগুলো। স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। ট্রেনগুলোতে দূরদূরান্তের বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেছে।