চট্টগ্রামে আলাদাভাবে জিয়ার জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিএনপির বিবদমান দুটি পক্ষ গতকাল বুধবার আলাদাভাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন করেছে। দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে একটি পক্ষ আলোচনা সভার আয়োজন করে। অন্য পক্ষ ভবনের ভেতরে একটি কেক কেটে জিয়ার জন্মোৎসব পালন করেন। দলীয় সূত্র জানায়, গতকাল আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর ভবনের ভেতর কেক কেটে জিয়ার জন্মদিন পালন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা। তাঁদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মোরশেদ খান দলকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার তাগিদ দেন। তিনি বলেন, এ সরকারের নিপীড়ন ও নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। আমীর খসরু বলেন, দেশের ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান হাল ধরেছেন। তিনি দেশকে বাকশালমুক্ত করে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছিলেন।