চট্টগ্রামে আলোকচিত্রে 'মৈত্রী'

চট্টগ্রামে ‘মৈত্রী’ শিরোনামে বাংলাদেশ-ভারতের ৪১ জন আলোকচিত্র সাংবাদিকের তোলা ছবির তিন দিনব্যাপী প্রদর্শনী গতকাল বুধবার সন্ধ্যায় শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক আদান-প্রদান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিপিজেএ) এবং আগরতলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ চিত্র প্রদর্শনী হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিজেএর সভাপতি মসিউর রহমান। স্বাগত বক্তব্য দেন সিপিজেএর সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ ও উপদেষ্টা মোহাম্মদ ফারুক। সিপিজেএর ৩০ বছর পূর্তি উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। দুই দেশের মধ্যে এই সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বলেন, সাংস্কৃতিক আদান-প্রদান যত বাড়বে, ততই দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের আরও উন্নয়ন ঘটবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, সম্প্রতি ভারতের ত্রিপুরায় যখন খাদ্য-সংকট দেখা দেয়, তখন বাংলাদেশের ওপর দিয়ে ভারত সরকার সেখানে চাল পাঠায়। এভাবে দুই দেশের সম্পর্ক দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
আগরতলা প্রেসক্লাবের সহসভাপতি চিত্রা রায় বলেন, আসা-যাওয়ার মধ্যেই সম্পর্ক ভালো হয়। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক আদান-প্রদানের উদ্যোগও জরুরি। তাহলে দুই দেশের মানুষ পরস্পরের আরও কাছে আসতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন মেয়র ও অন্য অতিথিরা। প্রদর্শনীতে সহযোগিতা করছে ভারতীয় সহকারী হাইকমিশন ও শিল্পকলা একাডেমি। প্রদর্শনীতে চট্টগ্রামের ২২ জন এবং ভারতের ১৯ জন আলোকচিত্র সাংবাদিকের তোলা ৪২টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী কাল শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।