চট্টগ্রামে আলোচনা সভায় বক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। শারীরিক শাস্তি দিয়ে শিশুদের সংশোধন করা সম্ভব নয়। মানসিকভাবে উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাদের পড়াশোনা ও অন্য কাজে উৎসাহী করে তুলতে হবে।
গতকাল রোববার সকালে ‘স্কুল পর্যায়ে শিশুদের শারীরিক শাস্তির প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় ইনসিডিন বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম শিশু একাডেমী মিলনায়তনে এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য বলেন, শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতনের ব্যাপারে সবার মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। শাস্তি নয়, স্নেহের মাধ্যমে শিশুদের কাছে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে। জোর করে তাদের কাছ থেকে কোনো কিছু আদায় করার রীতি বন্ধ করতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ বলেন, শিক্ষা দেওয়ার সময় শিশুদের বেত্রাঘাত নিষিদ্ধ হলেও এ ব্যাপারে শিক্ষকদের মধ্যে যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। এ ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।
সাংবাদিক দ্বৈপায়ন বড়ুয়া বলেন, শিশুশিক্ষার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা বন্ধ করে শিশুদের পাঠ্যভীতি দূর করতে হবে।
ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এইচ এ এম মুশতাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোবাশ্বেরা বেগম, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার শিক্ষক আবদুর রহমান প্রমুখ।