চট্টগ্রামে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর জামায়াত-শিবিরের আচমকা হামলার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম নগরে স্থানীয় পুলিশ প্রশাসন আরও সতর্ক হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি সাম্প্রতিককালের সব কটি ঘটনায় করা মামলার সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে তা বিচারের পর্যায়ের নিয়ে আসারও পুলিশের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশের ওপর আচমকা হামলা চালায় শিবিরের সমর্থকেরা। নগরের ষোলশহরের ২ নম্বর এলাকায় এ সন্ত্রাসী ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শিবিরের ক্যাডারদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে আরও কয়েকবার জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা চালায়।চট্টগ্রামে পুলিশের ওপর ঘন ঘন ও আচমকা হামলার পরিপ্রেক্ষিতে নগর গোয়েন্দা ও পুলিশের বিশেষ শাখার সদস্যদের দায়িত্ব বাড়ানো হয়েছে। কারণ, যেকোনো হামলার আগে গোয়েন্দারা যেন আগাম তথ্য দিতে পারে। বৃহস্পতিবার পুলিশের গোয়েন্দা শাখা সতর্ক থাকায় ষোলশহরের ঘটনায় তেমন ক্ষতি হয়নি; বরং হামলা চালিয়ে পাল্টা হামলার শিকার হয়ে পালিয়েছেন শিবিরের সমর্থকেরা। পুলিশ সূত্র জানায়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় ঘোষণার সময় চট্টগ্রামসহ সারা দেশে জামায়াত-শিবিরের নাশকতা বেড়ে যেতে পারে। সেভাবেই সংগঠনটির প্রস্তুতি চলছে বলে পুলিশের কর্মকর্তাদের কাছে তথ্য আছে। কিন্তু মাঠপর্যায়ে পুলিশের সদস্যরা সেই নাশকতা মোকাবিলায় প্রস্তুত। পাশাপাশি আগের সব কটি ঘটনায় করা মামলার তদন্ত দ্রুত শেষ করতে চায় পুলিশ প্রশাসন, যাতে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘হামলার মাত্রা বেড়ে যাওয়ায় আমরা গোয়েন্দা ও পুলিশের বিশেষ শাখার সদস্যদের গোয়েন্দা নজরদারি বাড়াতে বলেছি। র‌্যাবের সঙ্গে আমাদের যোগাযোগ বেড়েছে। এ ছাড়া নগরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পুলিশের ভ্রাম্যমাণ দলকেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কেউ হামলা বা ভাঙচুর চালাতে না পারে।’ এ কে এম শহিদুর রহমান আরও বলেন, ‘নগরে সাম্প্রতিক সময়ে যে মামলাটি হয়েছে, তার দ্রুত তদন্ত করে এবং সাক্ষ্য-প্রমাণ নিয়ে বিচারের পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমরা চাই, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হোক।’ নাম প্রকাশ না করার শর্তে নগর পুলিশের আরেক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘নগরে জামায়াত-শিবিরের ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অনেকের তথ্য পাওয়া গেছে। ভিডিও ফুটেজ ধরে আসামিদের শনাক্ত করা হচ্ছে। প্রকৃত আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ জোগাড় করে তাঁদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসছে পুলিশ প্রশাসন। আদালত থেকে যেন কোনো আসামি খালাস না পান, সেভাবে সংগ্রহ করা হচ্ছে সাক্ষ্য-প্রমাণ।’