চট্টগ্রামে আহত যুবলীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সশস্ত্র হামলায় আহত ইউনিয়ন যুবলীগের নেতা আবদুল জব্বার (২৫) আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মারা গেছেন। ১০ ডিসেম্বর রাতে সাতকানিয়ার কেওচিয়ায় বাড়িতে ঢুকে তাঁর ওপর হামলা চালানো হয়। নিহতের পরিবার ও আওয়ামী লীগ জানায়, জামায়াত-শিবির ওই হামলা চালিয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, আবদুল জব্বার সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া ইউনিয়ন যুবলীগের নেতা ছিলেন। তাঁকে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করা হয় বলে তিনি জানান। তিনি এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। আহত মফিজুর রহমান চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক হলিক্রিসেন্টে চিকিত্সাধীন ছিলেন।

হলিক্রিসেন্টের কর্তব্যরত চিকিত্সক হাসান খায়ের প্রথম আলো ডটকমকে বলেন, ‘নিহত জব্বার ঘটনার পর থেকে অচেতন ছিলেন। তাঁর মাথায় চারটি কাটা দাগ ছিল। তাঁর মগজ ফোলা ছিল, যা সিটিস্ক্যানে দেখা গেছে।’ জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ‘১০ ডিসেম্বর রাতে আবদুল জব্বারের ওপর হামলা হয়। এ ঘটনায় হত্যা মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করছে।’

ঘটনার বর্ণনা দিয়ে নিহত জব্বারের ভাই আবদুল মান্নান প্রথম আলো ডটকমকে  বলেন, ‘১০ ডিসেম্বর রাত ১২টার দিকে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা আমাদের বাড়িতে হানা দেয়। ওরা আমার ভাই জব্বারকে মারাত্মক জখম এবং ঘরের ফ্রিজ-টিভিসহ আসবাবপত্র তছনছ করে।’ তিনি বলেন, ‘হামলাকারীরা শতাধিক ছিল। তাদের মধ্যে দুজনকে চিনেছি। একজন এলাকার মোহাম্মদ আলীর ছেলে শহীদ এবং অন্যজন মৃত ইসলামের ছেলে জাহাঙ্গীর। ওরা দুজনই জামায়াতের ক্যাডার।’