নতুন শিক্ষাবর্ষের প্রায় পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও চট্টগ্রামে জাতীয় শিক্ষাক্রমের মাধ্যমিক স্তর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৫০টি বিষয়ের ইংরেজি মাধ্যমের বই এখনো পৌঁছেনি। এতে ইংরেজি মাধ্যমের শিক্ষক ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা জাতীয় শিক্ষাক্রমের অধীনে মাধ্যমিক স্তরের (ষষ্ঠ থেকে নবম শ্রেণী) ইংরেজি মাধ্যমের (ইংলিশ ভার্সন) ৫০টি বিষয়ের বই পাইনি এখনো। ২৭টি বিষয়ের বই পাওয়া গিয়েছে। আর বই হাতে পাওয়া মাত্রই সেগুলো আমরা বিতরণের ব্যবস্থা করি, যাতে শিক্ষক-শিক্ষার্থী কাউকেই এ জন্য ভোগান্তিতে পড়তে না হয়।’এ বিষয়ে জানতে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রধান পাঠ্যপুস্তক বিতরণ নিয়ন্ত্রক মোশতাক আহমেদ ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।চট্টগ্রাম নগরের অন্তত সাতটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্তরে পাঠদান করা হয়। এগুলো হচ্ছে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, চিটাগাং গ্রামার স্কুল, সানশাইন গ্রামার স্কুল, সাউথপয়েন্ট স্কুল, লিটল জুয়েলস স্কুল, ইলিমেন্টারি স্কুল এবং র্যাডিয়েন্ট গ্রামার স্কুল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘বছরের দুই মাস চলে যাচ্ছে। অথচ আমরা ছেলেমেয়েদের হাতে কোনো বই তুলে দিতে পারিনি। এতে তারাও পড়াশোনায় পিছিয়ে পড়ছে। আর আমাদের পক্ষে অনলাইন থেকে নিয়ে বই প্রিন্ট করা ব্যয়সাপেক্ষ বিষয়।’ চট্টগ্রামের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের উপাধ্যক্ষ জেসমিন আক্তার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বই না পাওয়ায় আমরা অনলাইন থেকে বই নিয়ে প্রিন্ট করে পাঠদান করছি। কিন্তু এভাবে সব বিষয়ে পাঠদান করা সম্ভব হয় না। কারণ, এটা অনেক সময়ের ব্যাপার। তা ছাড়া সময়মতো বই না পেলে শিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ার ঝুঁকি তো রয়েছেই।’ প্রায় একই কথা বলেছেন, সাউথপয়েন্ট স্কুল ও কলেজের অধ্যক্ষ এস এম শহীদুল্লাহ।