চট্টগ্রামে ইউএসটিসির বিবিএর শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বিবিএর শিক্ষার্থীরা গতকাল রোববার সকালে প্রায় আধা ঘণ্টা ফয়’স লেক ক্যাম্পাসের সামনে জাকির হোসেন সড়ক অবরোধ করে রাখেন। শ্রেণী কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করেন।১৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবিএ অনুষদের সব শ্রেণী কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।শিক্ষার্থীরা ৩ জানুয়ারি থেকে বিভাগীয় শিক্ষক সুরজিৎ সর্ববিদ্যাকে চাকরিতে পুনর্বহালের দাবিতে ক্লাস বর্জন করে আসছিলেন। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ ৮ জানুয়ারি থেকে এক সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। খোলার পরে শুধু বিবিএ অনুষদ বন্ধ করে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। তাই কিছু সময়ের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাসে ফিরে গিয়ে অবস্থান নেন। শিক্ষার্থী শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের শ্রেণী কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া না হলে অবস্থান কর্মসূচি চলবে। প্রয়োজনে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’