চট্টগ্রামে ইউনিপেটুইউর গ্রাহকদের হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে এসে নিজেদের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও দুর্ব্যবহারে জড়িয়ে পড়েছেন এমএলএম কোম্পানি ইউনিপেটুইউর গ্রাহকেরা। গতকাল সোমবার সকালে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বেশি লাভের লোভে পড়ে তাঁরা এমএলএম প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রীদের দেখে তাঁরা আশান্বিত হয়েছিলেন।সংবাদ সম্মেলন চলাকালে ইউনিপেটুইউর গ্রাহকেরা একে অন্যের দিকে তেড়ে যান। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ইউনিপেটুইউ বন্ধ হওয়া এবং টাকা ফেরত না পাওয়ায় একে অন্যকে উদ্দেশ করে সরকারের দালাল, বিএনপির দালাল, ইউনিপেটুইউর কর্মকর্তাদের দালাল বলতে থাকেন। বিশৃঙ্খলার কারণে সংবাদ সম্মেলনের মূল আয়োজকেরা অসহায় হয়ে পড়েন। ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেড ট্রেডার্স স্বার্থ রক্ষা পরিষদ চট্টগ্রামের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘বেশি লাভের আশায় লোভে পড়ে আমরা ইউনিপেটুইউতে বিনিয়োগ করেছি।’ লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক আবদুল হালিম বলেন, ‘সারা দেশে ইউনিপেটুইউর ছয় লাখ ৭৬ হাজার গ্রাহক রয়েছে। ইউনিপেটুইউর স্থায়ী কার্যালয় উদ্বোধন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল উল আলম হানিফ। এতে আমরা আশান্বিত হই, নির্দ্বিধায় বিনিয়োগ করি এই প্রতিষ্ঠানে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউনিপেটুইউর গ্রাহক জান্নাতুল ফেরদৌস ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যারা আমাদের ইউনিপেটুইউতে বিনিয়োগ করার জন্য উদ্বুদ্ধ করেছেন, তাদের এখন আমরা খুঁজে পাচ্ছি না।’সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে আরেক গ্রাহক মঞ্চে উঠে উত্তেজিত স্বরে বলেন, ‘চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইউনিপেটুইউর বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনজন মন্ত্রী উপস্থিত ছিলেন। আমরা তাঁদের দেখে আশান্বিত হয়ে বিনিয়োগ করেছি।’এ সময় মাইক নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। ওই গ্রাহকের কথাবার্তার একপর্যায়ে মূল আয়োজকদের কয়েকজন তাঁর মাইক কেড়ে নিতে চাইলে উত্তেজনা, গালিগালাজ ও হাতাহাতি শুরু হয়। এর জের ধরে সংবাদ সম্মেলনের পুরো কক্ষে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। চিৎকার, চেঁচামেচির একপর্যায়ে কামাল নামের এক বিনিয়োগকারী মাইক নিয়ে বলেন, ‘যাঁরা মন্ত্রীদের কথা বলছেন, সরকারকে দোষারোপ করছেন, তাঁরা বিএনপির দালাল।’ এ বক্তব্যের একপর্যায়ে আরেক গ্রাহক মাইক কেড়ে নিয়ে বলেন, ‘ভবিষ্যতে যারা বিশৃঙ্খলা করবে, তাদের জিহ্বা ছিঁড়ে ফেলব, লাথি মেরে বের করে দেব। হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেব।’