চট্টগ্রামে ইউনিপের মামলায় প্রথম রায়, দুই পরিচালকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বহুধাপ বিপণন প্রতিষ্ঠান ইউনিপে টু ইউর দুই পরিচালককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির এ রায় দেন। চট্টগ্রামে ইউনিপের বিরুদ্ধে কোনো মামলায় এটিই প্রথম রায়।

এই দুজন হলেন শাহাদাত হোসেন চৌধুরী ও আইয়ুব আলী। রায় ঘোষণার সময় আইয়ুব উপস্থিত থাকলেও শাহাদাত পলাতক আছেন।

আদালতের সরকারি কৌঁসুলি প্রদীপ দত্ত প্রথম আলোকে বলেন, নগরের বহদ্দারহাট এলাকায় ইউনি পে টু ইউর কার্যালয় খুলে আসামিরা লভ্যাংশ দেওয়ার লাভের কথা বলে বাদী মো. ইয়াছিনের কাছ থেকে তিন লাখ ৪৬ হাজার টাকা নেন। কিন্তু তাঁরা বাদীকে কোনো লভ্যাংশ দেননি। উল্টো বিনিয়োগের টাকাও ফেরত দেননি। এ ঘটনায় ২০১৩ সালের ১৭ জুন মামলা করা হলে তদন্ত শেষে পুলিশ তিন পরিচালক শাহাদাত হোসেন চৌধুরী, আইয়ুব আলী ও নাঈমা জান্নাত চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাঈমাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

প্রদীপ দত্ত আরও বলেন, রায়ের আদেশে বিচারক একটি ধারায় দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং আরেকটি ধারায় সাত বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। দুটি সাজা মিলে আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।