চট্টগ্রামে ইউনিলিভারের হেলথ ক্যাম্প শুরু
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রামে দুই দিনব্যাপী ‘ইউনিলিভার কমিউনিটি হেলথ ক্যাম্প’ শুরু হয়েছে। মা ও শিশু জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল, সেভ দ্য চিলড্রেন এবং লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় চর রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে কমিউনিটি হেলথ ক্যাম্প কর্মসূচি চলছে।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডিরেক্টর আমিনুর রহমান।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। দেশের প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নিয়োগ দিয়েছে। তিনি ইউনিলিভারের এ উদ্যোগের প্রশংসা করেন।
ইউনিলিভারের জেনারেল ফ্যাক্টরি ম্যানেজার স্বপন ভট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হিউম্যান রিসোর্সেস ম্যানেজার কাজী সাইফুল ইসলাম, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের সহসভাপতি এস এম মোর্শেদ, ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ট্রেজারার ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দীন, ওয়ার্ড কাউন্সিলর মো. আজম, মো. শামসুল আলম, মো. ইদ্রিস মিয়া প্রমুখ।