চট্টগ্রামে ইউপি নির্বাচন আজ শুরু, যত চিন্তা বৃষ্টি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ার মধ্যে আজ শনিবার থেকে চট্টগ্রামের ১৪ উপজেলার ১৮৮ ইউনিয়ন পরিষদে (ইউপি) মাসব্যাপী নির্বাচন শুরু হচ্ছে। আজ প্রথম দিন সন্দ্বীপে ভোট গ্রহণ হচ্ছে। কিন্তু ভোট গ্রহণের সময় ভারী বৃষ্টি হলে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।জানা গেছে, আগামী ৫ জুলাই আনোয়ারা ও বাঁশখালী উপজেলায় ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শেষ হবে। এ নির্বাচন এক রকম বর্ষার মধ্যেই পড়ে গেছে। গত বছরের ১৭ জুন অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের দুই দিন আগে ভারী বৃষ্টিতে নগরের অন্তত ১০টি কেন্দ্রে জলাবদ্ধতা দেখা দিয়েছিল।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ শনিবার সন্দ্বীপের ১২ ইউপিতে ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন শুরু হচ্ছে। গতকাল শুক্রবার ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, নির্বাচনের সময় ভারী বৃষ্টি হলে ভোটার উপস্থিতি কমার পাশাপাশি কোনো কোনো ভোট কেন্দ্রে জলাবদ্ধতা দেখা দিতে পারে। বিশেষ করে সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারার মতো উপকূলীয় এলাকার কিছু কিছু ভোট কেন্দ্রে এ ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে।বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে আমরা এ ধরনের সমস্যায় পড়েছিলাম। এখন বাঁশখালীর মতো এলাকায় ভোট গ্রহণ নিয়ে ভাবছি। শেষ মুহূর্তে কেন্দ্র পরিবর্তন করা যাবে না। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বৃষ্টি বেশি হলে ভোটার উপস্থিতিতে প্রভাব পড়বে।’ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে এ সময় প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ শেখ শাহজাহান আলম বলেন, এ মাসের প্রথম সপ্তাহের শেষ দিকে মৌসুমি বায়ু সক্রিয় হতে পারে। তখন প্রচুর বৃষ্টি হতে পারে। মৌসুমি নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ১০ জুনের মধ্যে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে বর্ষা চলে আসবে। এ মাসে এক থেকে দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এ ছাড়া মাসে ১৭ থেকে ২১ দিন বৃষ্টি হতে পারে। গত বছরের জুনে চট্টগ্রাম বিভাগে মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল আট হাজার ৯১৭ মিলিমিটার।