চট্টগ্রামে ইউপি নির্বাচনে ২৭ হাজার কর্মকর্তা নিয়োগ শুরু
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে পর্যায়ক্রমে ২৭ হাজার নির্বাচন কর্মকর্তা নিয়োগের কাজ শুরু হয়েছে। ১০ শতাংশ কর্মকর্তা অতিরিক্ত রেখে নির্বাচনী কর্মকর্তার প্যানেল তৈরি করা হচ্ছে। তবে কর্মকর্তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। জানা গেছে, সংশ্লিষ্ট উপজেলার ভোট গ্রহণের চার-পাঁচ দিন আগে এসব কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হবে। চট্টগ্রামে প্রথম ইউপি নির্বাচন হবে সন্দ্বীপ উপজেলায় আগামী ৪ জুন। এখানে নির্বাচনী কর্মকর্তাদের প্যানেল তৈরি শেষ হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, ‘সন্দ্বীপের ১১৭টি কেন্দ্রের জন্য শতাধিক প্রিসাইডিং কর্মকর্তা ও অন্যান্য সহযোগী কর্মকর্তা নিয়োগ হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান-প্রধানদের কাছ থেকে আমরা তালিকা নিয়েছি। প্রশিক্ষণের আগে কর্মকর্তাদের নাম প্রকাশ করা হবে।’জানা গেছে, চট্টগ্রামের ১৪ উপজেলার ১৮৫ ইউপিতে এবার পর্যায়ক্রমে ভোট নেওয়া হবে। এসব ইউপি নির্বাচনের জন্য মোট এক হাজার ৭০৮টি কেন্দ্র করা হয়েছে। কক্ষ থাকবে সাত হাজার ৬২৩টি। প্রতি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতি কক্ষে থাকবেন একজন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া প্রতি কক্ষে থাকবেন দুজন করে পোলিং কর্মকর্তা। নির্বাচনী কর্মকর্তার প্যানেল তৈরির ক্ষেত্রে ১০ শতাংশ বাড়তি রাখা হবে। উপজেলায় কর্মরত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, কলেজের অধ্যাপক, প্রভাষক, ব্যাংক কর্মকর্তা, বিমা কর্মকর্তাদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই উপজেলার মধ্যে পর্যাপ্ত কর্মকর্তা পাওয়া না গেলে পাশের অন্য উপজেলা থেকে কর্মকর্তা আনা হবে। উপ-নির্বাচন কর্মকর্তা এজাহারুল ইসলাম বলেন, ‘প্রায় সব উপজেলায় কর্মকর্তাদের প্যানেল তৈরি শেষ হয়েছে। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনের চেয়ে আমরা আমরা ১০ শতাংশ বাড়তি কর্মকর্তা রেখেছি।