চট্টগ্রামে ইঞ্জিন নৌকায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজারে আজ শনিবার কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত কাঠের নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পর কর্ণফুলী নদীতে প্রচুর তেল ছড়িয়ে পড়ে। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজারে আজ শনিবার কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত কাঠের নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর পর কর্ণফুলী নদীতে প্রচুর তেল ছড়িয়ে পড়ে। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গী বাজারে কর্ণফুলী নদীতে ইঞ্জিনচালিত কাঠের নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার মাঝিমাল্লা অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের পর কর্ণফুলী নদীতে প্রচুর তেল ছড়িয়ে পড়ে।

আহত ব্যক্তিরা হলেন: মো. নূরুদ্দিন (৪৩), মো. লিটন (৩০), মো. আকবর (২০) ও মো. আলমগীর (৪৩)। প্রথম তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরজনকে একই হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বেলা পৌনে ১১টার দিকে ইঞ্জিনচালিত কাঠের নৌকায় আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ফিরিঙ্গী বাজার এলাকায় যায়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে আগুন নিভে যায়।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ইঞ্জিনচালিত কাঠের নৌকায় থাকা তেলের ড্রাম থেকে আগুন লাগে। পরে নৌকাটিও অনেকটা পুড়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে লিটনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর কর্ণফুলীতে তেল ছড়িয়ে পড়েছে।