চট্টগ্রামে ইতিহাস সম্মেলনে ‘ঐতিহ্যিক জ্ঞান ও নিদর্শন’ সংরক্ষণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের স্থানীয় ঐতিহ্যিক জ্ঞান (লোকাল ইনডিজেনাস নলেজ) ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের আহ্বান জানিয়ে শেষ হলো চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক দুই দিনব্যাপী সম্মেলন। গতকাল শনিবার সম্মেলনের দ্বিতীয় দিনে প্রাগৈতিহাসিক, মধ্যযুগীয়, ঔপনিবেশিক ও বাংলাদেশ সময়কালে চট্টগ্রামের ইতিহাস নিয়ে আলাদা তিনটি অধিবেশন হয়। এসব অধিবেশনে ১১টি প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিকেরা। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত অদম্য চট্টগ্রাম উৎসব সামনে রেখে ‘দ্য ডেইলি স্টার-হেরিটেজ চাটিগ্রাম হিস্ট্রি কনফারেন্স’ নামের এই সম্মেলন শুরু হয় গত শুক্রবার বিকেলে। গতকাল শনিবার সকাল ১০টায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে সমাপনী দিনের প্রথম অধিবেশন শুরু হয়।‘প্রাগৈতিহাসিক ও প্রাক-মধ্যযুগীয় চট্টগ্রাম’ শীর্ষক প্রথম অধিবেশনে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবদুল মোমিন চৌধুরী। তিনি বলেন, ‘শুধু দৃশ্যমান নিদর্শনই ঐতিহ্য নয়। এ অঞ্চলের কৃষিপ্রযুক্তি, পরিবহন, নৌবাণিজ্য, নৌ চলাচল প্রযুক্তি-সংক্রান্ত স্থানীয় ঐতিহ্যিক জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। অঞ্চলে অঞ্চলে এ ধরনের জ্ঞানে পার্থক্য থাকে। তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ না হলে এ-সংক্রান্ত জ্ঞান হারিয়ে যাবে। তাই অবিলম্বে স্থানীয় ঐতিহ্যিক জ্ঞান সংরক্ষণ প্রয়োজন।’প্রথম অধিবেশনে ‘প্রসপেক্টস অব প্রি-হিস্টরিক আর্কিওলজিক্যাল রিসার্চ ইন দ্য হিলি রিজিওনস অব চিটাগং’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত সিনহা রায়। বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহকারী সংরক্ষক মো. শরিফুল ইসলাম হরিকেলের রাজবংশ ও প্রশাসনিক কাঠামো নিয়ে ‘আরলি ডিবাস অব হরিকেলা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। ‘ইকোনমি অব হরিকেলা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুচন্দ্রা ঘোষ। ‘ট্রেড অ্যান্ড টেকনোলজি অব দি আরলি মেরিনার্স অব চিটাগং’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশের অধ্যাপক শাহনাজ হুসনে জাহান। ‘মধ্যযুগীয় চট্টগ্রাম’ শীর্ষক দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য সমাজবিজ্ঞানী অনুপম সেন। এই অধিবেশনে ‘কয়েনস অব মিডিয়েভল চিটাগং’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুতপা সিনহা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আরা বেগমের প্রবন্ধের শিরোনাম ‘মুঘল আমলের চট্টগ্রাম শহর’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক সহকারী কিউরেটর শামসুল হোসাইন মোগল স্থাপত্য বিষয়ে ‘টু রিসেন্টলি ডেসট্রয়েড মুঘল স্ট্রাকচার ইন দ্য সিটি’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করেন।‘ঔপনিবেশিক চট্টগ্রাম এবং বাংলাদেশ সময়কাল’ শীর্ষক তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক মোফাকখারুল ইসলাম। এই অধিবেশনে ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ: মুক্তিসংগ্রামের অগ্নিসোপান’ শিরোনামের প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মুস্তাফা। ‘মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রতিরোধ: চট্টগ্রাম’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক। ‘চট্টগ্রাম বিপ্লবী বেতারকেন্দ্র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক শামসুল হক। এসব প্রবন্ধে চট্টগ্রামের আদি ইতিহাস থেকে শুরু করে সমকালীন জীবনযাত্রা ও সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে এসব সংস্কৃতি ও ঐতিহ্যিক তথ্য সংরক্ষণে তাঁরা জোর দাবি জানান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।