চট্টগ্রামে ইভ টিজিং প্রতিরোধে পুলিশের উদ্বুদ্ধকরণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং প্রতিরোধে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগরের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সভা করেছে পুলিশ। সভায় বিদ্যালয়ের প্রায় ৯০০ ছাত্রীকে উত্ত্যক্ততা থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দেন মহানগর পুলিশের কর্মকর্তারা।ইভ টিজিং থেকে স্কুল-কলেজের ছাত্রীদের রক্ষা এবং এ বিষয়ে জনমত তৈরির জন্য প্রায় দুই বছর ধরে কাজ করছে নগর পুলিশ। বছর খানেক আগে এই বিদ্যালয়ে একই ধরনের সভা হয়েছিল।গতকাল বিদ্যালয়ের দিবা বিভাগের ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলির সময় উদ্বুদ্ধকরণ সভা হয়। সভায় নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ, উপপরিদর্শক (এসআই) নজরুল উপস্থিত ছিলেন।বনজ কুমার মজুমদার বলেন, স্কুল-কলেজগামী ছাত্রীরা পথে-ঘাটে নানাভাবে বখাটেদের দ্বারা উত্ত্যক্ত হয়। বাবা-মাকে এসব বললে স্কুলে যাওয়া বন্ধ করে দেন। শিক্ষকদের বললে শিক্ষকেরা বলেন, ‘তোমার দোষ’। ভেতরে ভেতরে এসব হজম করতে করতে একসময় মেয়েরা মানসিক শক্তি হারিয়ে ফেলে। বখাটেদের মাত্রাতিরিক্ত উৎপাতে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি ছাত্রীদের উদ্দেশে বলেন, ‘এই অবস্থা থেকে মুক্তির জন্য পুলিশ তোমাদের পাশে দাঁড়িয়েছে। কেউ যদি কোনোভাবে উত্ত্যক্ত করে, এমনকি মোবাইল ফোনেও অশালীন কথা বলে বিরক্ত করে, তাহলে নিজের নাম ও ৩৭৩ নম্বর লিখে আমার অথবা পুলিশের অন্য কর্মকর্তাদের নম্বরে এসএমএস (বার্তা) পাঠিয়ে দেবে। আমরা ফোন করে তোমাদের সমস্যা জেনে ব্যবস্থা নেব।’বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাশমত জাহান বলেন, ‘আগেও ওনারা (পুলিশ কর্মকর্তারা) তোমাদের সাহায্যের জন্য এসেছিলেন। তোমরা যারা সমস্যা অনুভব করবে, তারা পুলিশের সাহায্য নিতে পারো।’শেষে দশম শ্রেণীর ছাত্রী ফাহমিদা বেগম ও সূচনা বড়ুয়াও ছাত্রীদের ইভ টিজিংয়ের শিকার হলে পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দেয়। পরে ছাত্রীদের কাছে পুলিশ কর্মকর্তাদের ফোন নম্বরসংবলিত পোস্টার, লিফলেট, কার্ড বিতরণ করা হয়।প্রসঙ্গত, আগেরবার সভার পর বেশ কয়েকজন ছাত্রী এসএমএস করে তাদের সমস্যার কথা জানিয়েছিল। বনজ কুমার মজুমদার জানান, ছাত্রীদের সমস্যার সমাধান করা হয়।