চট্টগ্রামে ইভ টিজিংয়ের দায়ে এক যুবককে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েদের উত্ত্যক্ত করার দায়ে (ইভ টিজিং) চট্টগ্রামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল সন্ধ্যায় এ রায় দেন।আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মামুন মিয়া (২৫)। ইভ টিজিং নিয়ে স্বতন্ত্র কোনো আইন না থাকায় তাকে চট্টগ্রাম মহানগর পুলিশ অর্ডিন্যান্সের ৭৮ ধারায় এই সাজা দেওয়া হয়।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মল বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ইপিজেড এলাকায় মামুন মেয়েদের উত্ত্যক্ত করত। এ অভিযোগে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক এ সাজা দেন। চট্টগ্রামে ইভ টিজিংয়ের ঘটনায় এই প্রথম কোনো যুবকের শাস্তি হলো।