চট্টগ্রামে ইসরায়েল বিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মুসল্লিদের ব্যানারে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ হয়েছে।
গতকাল জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহি জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়। পরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
প্রেসক্লাবের সমাবেশে বক্তারা বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। ইহুদিরা যুগ যুগ ধরে মুসলমানদের প্রতিপক্ষ ভেবে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু মনে করছে। তাই রোজার মাসে সেখানে কোনো মুসলমান শান্তিতে থাকতে পারেনি। ইসরায়েলিদের অব্যাহত হামলায় নারী-পুরুষসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। এটা বর্বরতা।
সমাবেশের আগে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে আন্দরকিল্লা শাহি মসজিদ থেকে মিছিল বের হয়। স্লোগান দিয়ে মিছিলটি মোমিন রোড ও জামালখান এলাকা অতিক্রম করে প্রেসক্লাব চত্বরে গিয়ে থামে। পরে সেখানে সমাবেশ হয়।