নাস্তিকদের বিচারের দাবি করে চট্টগ্রামে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সমমনা ১২ দল গতকাল শুক্রবার দুপুরে সমাবেশ ও মিছিল করেছে। সমাবেশ থেকে সাঈদীর মুক্তি দাবি করে স্লোগান দেওয়া হয়। নগরের আন্দরকিল্লার শাহি জামে মসজিদ এলাকায় গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বাংলাদেশের জাতীয় পতাকাও দেখা গেছে।গতকাল জুমার আগেই দলে দলে লোকজন আন্দরকিল্লা মসজিদে উপস্থিত হন। নামাজ শেষ হওয়ার পরই সমাবেশের প্রস্তুতি শুরুর মুহূর্তে জামায়াত-শিবির সিরাজদ্দৌলা সড়ক দিয়ে একটি মিছিল নিয়ে আন্দরকিল্লা মোড়ে ঢুকে সাঈদীর মুক্তি দাবি করে স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টা পর হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে ১২ দল মাইক হাতে নিয়ে সমাবেশ শুরু করে। ১২ দলের সমাবেশে নেজামে ইসলাম পার্টি ও মুফতি ইজাহারুল ইসলামসহ অন্যান্য দলের বিভিন্ন নেতা যোগ দেন। তাঁরা শাহবাগের আন্দোলনকারীদের ফাঁসির দাবি জানায়। তাঁরা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের নামে ইসলামের অবমাননা করা ঠিক নয়। যারা এটা করছে আমরা তাদেরও ফাঁসির দাবি জানাচ্ছি।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচি হলেও ওখানে জামায়াত-শিবির ঢুকে সাঈদীর মুক্তি দাবি করে স্লোগান দিয়েছে। জামায়াত মসজিদ আঙিনায় পাথরভর্তি বস্তা নিয়ে পুলিশের ওপর হামলা করার পাঁয়তারায়ও করছিল। কিন্তু অন্য ইসলামি দলগুলোর সহযোগিতায় আমরা তখন এক যুবককে আটক করেছি।’