চট্টগ্রামে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসমাবেশ স্থগিত
চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত বিভাগীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, চট্টগ্রাম। গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সমাবেশ স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে কমিটির চট্টগ্রামের নেতারা বলেন, বিভাগীয় মহাসমাবেশের জন্য সব ধরনের নিয়ম মেনে আবেদন করা হলেও সরকার অনুমতি দেয়নি। তবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মঈনুদ্দীন রুহী। লিখিত বক্তব্যে বলা হয়, নারীনীতির বিরোধিতাকারীদের প্রধানমন্ত্রী ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ঢালাওভাবে ধর্ম ব্যবসায়ীসহ অশোভন আখ্যা দিচ্ছেন। ওলামারা ধর্ম ব্যবসায়ী নন, তাঁরা ধর্মের সেবক। যাঁরা নির্বাচন এলে কোরআন ও আল্লাহ তাআলার রাসুলকে জড়িয়ে স্লোগান দেন এবং ধর্মীয় লেবাস পরেন—আর নির্বাচন শেষে তা পরিহার করেন—তাঁরাই প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির আমির শাহ মুহিববুল্লাহ, হাটহাজারী মইনুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস শামসুল আলম, মুছা বিন এজহার, আজিজুল হক, ফজলুল করিম, আ ন ম আহমদ উল্যাহ, ইলিয়াস ওসমানী প্রমুখ।সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার পবিত্র কোরআনবিরোধী নারীনীতি, সংবিধানকে ধর্মহীন করার অপচেষ্টা এবং আলেম-ওলামা ও কওমি মাদ্রাসায় হয়রানি বন্ধ না করলে শীর্ষ ওলামাদের পরামর্শ নিয়ে সারা দেশে গণবিক্ষোভ, হরতাল, অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।এদিকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি সমাবেশ স্থগিত করার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত মহানগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় এবং চট্টগ্রামে প্রবেশের উত্তর ও দক্ষিণের দুটি সড়কে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ প্রথম আলোকে জানান, সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতারা চলে যান। এরপর তাঁদের কোনো জমায়েত হয়নি।