চট্টগ্রামে ইস্পাত ও বিদ্যুৎ খাতে বিনিয়োগের আশ্বাস কোরিয়ার উদ্যোক্তাদের
চট্টগ্রামে ইস্পাত, বিদ্যুৎসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন কোরিয়ার উদ্যোক্তারা। এ ব্যাপারে একটি সমঝোতা চুক্তি সই করার কথাও বলেছেন তাঁরা।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে কোরিয়ার এলজি ইন্টারন্যাশনাল করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে চেম্বার নেতাদের বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এলজি ইন্টারন্যাশনাল করপোরেশনের সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের ব্যবস্থাপনা পরিচালক লি হুন-ঝেউ (মাইকেল), কমোডিটিজ বিজনেস টিমের ব্যবস্থাপক ফিলিপ জে কে হান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ শাহিন আলম, মো. অহীদ সিরাজ চৌধুরী, মোরশেদ আরিফ চৌধুরী প্রমুখ।বৈঠকে লি হুন-ঝেউ বলেন, কৌশলগত কারণে চট্টগ্রাম কোরিয়ার উদ্যোক্তাদের কাছে ক্রমেই বাণিজ্য ও বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় এলজি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিগগিরই একটি সমঝোতা চুক্তি করবেন। বৈঠকে চামড়া, পর্যটন, কৃষি, অবকাঠামো খাতে একক বা যৌথ বিনিয়োগের জন্য কোরিয়ার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম।