চট্টগ্রামে ইয়াবাসহ এসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামে ইয়াবা বড়িসহ পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তাঁর নাম শেখ মাসুদ রানা (৩৫)। তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার জেলায় এসআই হিসেবে কর্মরত আছেন।

পুলিশ জানায়, আজ সোমবার বিকেলে মাসুদ রানাকে আদালতে হাজির করা হয়। এরপর বিষয়টি জানাজানি হয়। গতকাল রোববার বিকেলে কর্ণফুলী থানার শিকলবাহা ভেল্লাপাড়া পিডিবি–সংলগ্ন সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ওই সড়কে তল্লাশিকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কার থেকে ১১ হাজার ৫৬০টি ইয়াবা পাওয়া যায়। ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন শেখ মাসুদ রানা।

এ ঘটনায় র‍্যাব-৭ উপসহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় মামলা করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, র‍্যাবের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি শেখ মাসুদ রানাকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।