চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামে কোটি টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আক্তার হোসেন (৪২) ও মো. আজম (৫০)।
গতকাল শুক্রবার নগরের কোতোয়ালি পাথরঘাটা ফিশািরঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ফিশারিঘাটের ইকবাল রোডের ‘মেসার্স আজম মেকানিক্সে’ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা পুলিশকে জানান, ১৪ জুন এফবি সাগর নামের আলম মাঝির ফিশিং বোট সাগরে মাছ ধরতে যায়। গতকাল ভোরে বোটটি ফিশারিঘাটে আসে। বোটের খালাসি মো. আক্তার ইয়াবাগুলো আজমের দোকানে নিয়ে আসেন।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, স্থলপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে এখন নদীপথে তাঁরা ইয়াবা পাচার করছেন। এ কাজে ফিশিং বোট অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বহনকারীরা ইয়াবাকে ‘পার্টস’ বলেন, যাতে কেউ বুঝতে না পারেন।