চট্টগ্রামে ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নগরের এমএ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন মাঠে মঙ্গলবার সকাল আটটায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মাঠসংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে হবে এই জামাত। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবু নোমান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। সকাল পৌনে আটটায় প্রথম জামাত হবে। পৌনে নয়টায় হবে দ্বিতীয় জামাত। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মাওলানা নূর মোহাম্মদ সিদ্দিকী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মোহাম্মদ জালাল উদ্দিন।

চট্টগ্রামের জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে নগর ও জেলার ৯৩টি আঞ্চলিক ঈদগা কেন্দ্রে ঈদুল আজহার নামাজ হবে। স্থানীয় ঈদগা কমিটিতে ঈদের নামাজের সূচি নির্ধারণ করার ক্ষমতা দিয়েছে জেলা প্রশাসন।

এদিকে সিটি করপোরেশনের আয়োজনে বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়ামে ঈদ জামাত হবে সকাল আটটায়। এ ছাড়া লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে সাতটায়। জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল আটটায়।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের আওতাধীন ৪১টি ওয়ার্ডের ১৬৬টি মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্থানীয় মসজিদ ও ঈদগা কমিটি মুসল্লিদের সঙ্গে আলোচনা করে ঈদের জামাতের সূচি নির্ধারণ করেছেন।