চট্টগ্রামে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত দৃষ্টিপ্রতিবন্ধীরা
পর্যাপ্ত শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা উপকরণ ও পৃষ্ঠপোষকতার অভাবে চট্টগ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত দুটি প্রাথমিক বিদ্যালয়ের একটিতে মেয়েদের পড়ার সুযোগ নেই। অন্যটিতে শিক্ষা উপকরণ ও শিক্ষকের তীব্র সংকট।জানা গেছে, বর্তমানে নগরের মুরাদপুর সরকারি অন্ধ, মূক ও বধির বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের জায়গায় আছেন মাত্র দুজন। আবাসিক এ বিদ্যালয়ে ছেলেমেয়ে মিলিয়ে ৫০ জনের থাকার ব্যবস্থা আছে। তবে বর্তমানে আছে ৩৭ জন। বিদ্যালয়ে ব্রেইল পদ্ধতিতে লেখা ধর্ম, অঙ্ক, সমাজবিজ্ঞানের কোনো বই নেই। আবার সরকারের দেওয়া বইগুলো ভুলে ভরা। তা ছাড়া অঙ্ক শেখানোর বোর্ড ও লেখার গুটি দীর্ঘদিন ধরে অকেজো। অন্যদিকে লোহাগাড়ার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠানে ছয়জন স্বাভাবিক শিক্ষার্থীর সঙ্গে কেবল ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ছেলের পড়ার সুযোগ রয়েছে।মুরাদপুর সরকারি অন্ধ, মূক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা নানা সংকটের বিষয়ে জেলা সমাজসেবা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছি। এভাবে পাঠদানে আমাদের সমস্যা হচ্ছে। অথচ গত বছর প্রাথমিক পরীক্ষায় এ বিদ্যালয়ের পাঁচজনের চারজনই প্রথম বিভাগ পেয়েছে। এ বছর দুজন পরীক্ষা দেবে। আমরা এসব শিক্ষার্থীর পুরোপুরি যত্ন নিতে না পারলে, তারা ভালো ফলাফল করতে পারবে না।’জানা গেছে, দুটি পদ্ধতিতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়াশোনা করে। এর একটি হচ্ছে ব্রেইল, হাতে-কলমে শেখা এবং অন্যটি অডিও রেকর্ডিং। ব্রেইল পদ্ধতিতে লেখা দৃষ্টিপ্রতিবন্ধীরা বই পড়তে পারে। অডিও বা রেকর্ডিংয়ের মাধ্যমে প্রতিবন্ধীরা পড়াশোনা আত্মস্থ করে। অন্য সব পাঠ্যবইয়ের তুলনায় একটি ব্রেইল বই তৈরিতে খরচ দুই থেকে তিন গুণ হয়। তবু ব্রেইল পদ্ধতিকেই সবচেয়ে নির্ভরযোগ্য মনে করে দৃষ্টিপ্রতিবন্ধীরা। কারণ, পড়ার পাশাপাশি এতে বিভিন্ন বানান শিখতে পারে তারা।চট্টগ্রামের মুরাদপুর সরকারি অন্ধ, মূক ও বধির বিদ্যালয় এবং লোহাগাড়ার সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কিছু বই আছে। বাইরে এসব বই সহজলভ্য নয়। ফলে প্রাথমিক শিক্ষা শেষে বইপত্রের খরচ সামলাতে হিমশিম খেতে হয় দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের। আর চট্টগ্রামে দৃষ্টিপ্রতিবন্ধীদের উপযোগী কোনো উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান নেই। নেই শিক্ষক, শিক্ষা উপকরণ। রয়েছে লেখক-সংকট। দৃষ্টিপ্রতিবন্ধীদের লিখিত পরীক্ষা দিতে হলে একজন লেখকের প্রয়োজন হয়।চট্টগ্রামের একটি বেসরকারি সংস্থার কম্পিউটারাইজড ব্রেইল প্রোডাকশন সেন্টারের কর্মসূচি ব্যবস্থাপক দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী নুরুজ্জাহান বলেন, সরকারি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও ব্রেইলের বই পাওয়া যায় না। সরকার প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে বই দিলেও ব্রেইলের বই সেভাবে সরবরাহ করা হয় না। ফলে এসব প্রতিষ্ঠান থেকে বেরোনোর পর উচ্চশিক্ষা গ্রহণে সমস্যা হয়। যাদের আর্থিক সামর্থ্য আছে, তারা এগিয়ে যেতে পারে।জানা গেছে, বর্তমানে প্রায় ৩৬ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিগত উদ্যোগে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছেন ২৫ জন, সরকারি সিটি কলেজে ছয়জন, হামজারবাগ রহমানিয়া উচ্চবিদ্যালয়ে তিনজন ও টাইগারপাস বহুমুখী উচ্চবিদ্যালয়ে পড়ছে একজন।ডিগ্রি পরীক্ষার্থী প্রতিবন্ধী কামরুন্নাহার বলেন, ‘নিজ উদ্যোগে পড়তে গিয়ে আমরা নানা সমস্যায় পড়ছি। আর্থিক সমস্যার পাশাপাশি বইপত্র জোগাড় ও লেখক পেতে ভোগান্তি পোহাতে হয়। আর এসব ঝামেলা পোহানোর কারণে শেষ মুহূর্তে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয় না।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাসান জানান, আর্থিক সমস্যার কারণে তিনি চট্টগ্রামের মুরাদপুর বিদ্যালয়ে পড়া শেষ করে কুমিল্লায় চলে যান। সেখানে বিনা মূল্যে পড়াশোনা করেন। পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।নুরুজ্জাহান বলেন, ‘আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে চট্টগ্রামে অনেক দৃষ্টিপ্রতিবন্ধী শেষ পর্যন্ত তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। মুরাদপুর স্কুলে আমার সঙ্গে পড়েছে এমন কয়েকজন শিক্ষার্থী শুধু আর্থিক কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেনি।’সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক পারভীন মেহতাব মুরাদপুর সরকারি অন্ধ, মূক ও বধির বিদ্যালয়সহ উচ্চশিক্ষার সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘এসব বিষয় এখন থেকে প্রতিবন্ধী ফাউন্ডেশন তদারক করবে। এগুলো এখন আর আমাদের এখতিয়ারে নেই। সম্প্রতি ফাউন্ডেশনে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরাই পরে এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেবেন।’