চট্টগ্রামে উচ্ছেদে বাধা, পুলিশের ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় স্থানীয় লোকজনের বাধার কারণে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের তিনটি প্লট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যায়নি। এ সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর ইট-পাথর ছুড়তে শুরু করলে ৪১টি ফাঁকা গুলি ও তিনটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। আজ সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটেছে।

অভিযানকারীদের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন। ‘প্রথম আলো’কে তিনি বলেন, ‘গৃহায়ণের তিনটি প্লটে ২০ জন অবৈধ দখলদার বাস করছে। তাদের উচ্ছেদ করে জায়গা উদ্ধারের জন্য গিয়েছিলাম। কিন্তু সেখানে অবৈধ দখলদারদের সঙ্গে স্থানীয় লোকজন মিলে বাধা দেয়। হঠাৎ তারা পুলিশের ওপর ইট-পাথর ছুড়তে শুরু করে। তখন পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এরপর অভিযান শেষ না করেই ফিরে আসি।’
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪১টি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।