চট্টগ্রামে উচ্ছেদের পর রেলের জমিতে আবার বসতি

উচ্ছেদের পর আবার বসতি গড়ে তোলা হয়েছে চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোড এলাকার ছিন্নমূল বাস্তুহারা কলোনিতে। ভেঙে দেওয়া ঘরগুলো মেরামত করে সেখানে আবার বসবাস করতে শুরু করেছে উচ্ছেদ হওয়া লোকজন।
গত ৭ আগস্ট রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজার নেতৃত্বে ছিন্নমূল বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় ২০০ বসতি উচ্ছেদ করে রেলওয়ের দুই একর ভূমি উদ্ধার করার দাবি করা হয়েছিল। উচ্ছেদের সময় বস্তির বাসিন্দারা নিজেদের আসবাবপত্র নিরাপদ স্থানে নিয়ে যান।
গতকাল সোমবার ওই কলোনিতে সরেজমিনে দেখা যায়, উচ্ছেদের সময় সরে যাওয়া লোকজন আবার সেখানে বসবাস করতে শুরু করেছ। যেসব ঘর ভেঙে দেওয়া হয়েছিল, সেগুলো আবার জোড়াতালি দিয়ে মেরামত করা হয়েছে। তবে দু-একটি আধা পাকা ঘর এখনো ভাঙা অবস্থায় পড়ে আছে।
জানতে চাইলে ইশরাত রেজা বলেন, ভূসম্পত্তি বিভাগের কাজ হলো উচ্ছেদ করে জমির দখল প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেওয়া। রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রকৌশল বিভাগের।
স্থানীয় সূত্র জানায়, ৭ আগস্ট দিনভর অভিযানের সময় কলোনির বাসিন্দারা নিজেদের আসবাবপত্র নিয়ে সরে পড়েন। পরদিন থেকে আস্তে আস্তে তাঁরা কলোনিতে ফিরতে শুরু করেন।
কাঁচা ও আধা পাকা ঘর তুলে ওই কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে ছিন্নমূল মানুষ। কলোনির বাসিন্দা আলতাফ বলেন, ‘আমরা গরিব মানুষ। রেলের জায়গায় বসবাস করছি। আমার ঘরও ভেঙে দিয়েছিল। কোনো রকমে মেরামত করে আবার বসবাস করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোকানি বলেন, ‘উচ্ছেদের দিন আমরাও সরে গিয়েছিলাম মালামাল নিয়ে। উচ্ছেদের পরপরই দোকান চালু করা হয়। তবে ফ্রিজটি ঈদের আগে নিরাপদ স্থান থেকে আবার দোকানে নিয়ে আসা হয়।’
৭ আগস্ট ২০০ ঘর উচ্ছেদ করা হলেও স্থানীয় ব্যক্তিদের দাবি, কেবল ২০ থেকে ৩০টি ঘর ভাঙা হয়েছিল। বাকিদের ঘর থেকে বের করে দেওয়া হয়।
ছিন্নমূল বাস্তুহারা কলোনিতে একটি মসজিদ আছে। জানতে চাইলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাহেব আলী বলেন, সেদিন ২০-৩০টি ঘর উচ্ছেদ করা হয়েছিল। বাকিদের বের করে দেওয়া হয়। সবাই মালপত্র নিয়ে বের হয়ে যান। গরিব মানুষ কোথায় যাবে? তাই অনেকে আবার বসবাস করছেন। তবে ভেঙে দেওয়া ঘরগুলো এখনো নতুন করে নির্মাণ করা হয়নি।
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম বলেন, ‘বিভিন্ন অঞ্চল থেকে নদীভাঙা, ঘরভাঙা মানুষজন এসে এখানে বসতি গড়ে তুলেছে। দিন দিন মানুষ বাড়ছে। কিন্তু রেলওয়ের জায়গায় কেউ এভাবে অবৈধভাবে থাকতে পারে না। তাই আমরা বারবার উচ্ছেদ অভিযান চালাই। কিন্তু আমাদের জনবলের অভাবে প্রতিদিন এটি দেখা সম্ভব হয় না।’ তিনি বলেন, ‘যদি আবারও ওখানে অবৈধ বসতি গড়ে তোলা হয়, তাহলে অবশ্যই উচ্ছেদ অভিযান চালানো হবে।’