চট্টগ্রামে উড়ালসড়ক চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বহদ্দারহাট উড়ালসড়ক গতকাল উদ্বোধনের পর জনসাধারণ ও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ষ ছবি: প্রথম আলো
চট্টগ্রামের বহদ্দারহাট উড়ালসড়ক গতকাল উদ্বোধনের পর জনসাধারণ ও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় ষ ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে গতকাল শনিবার উড়ালসড়কের উদ্বোধন করা হয়েছে। ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ চার লেনবিশিষ্ট এই উড়ালসড়ক জেলার দক্ষিণাংশ এবং পর্যটন শহর কক্সবাজার ও বান্দরবান থেকে নগরের ঢোকার মুখের দীর্ঘদিনের যানজট নিরসন করবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের পরই উড়ালসড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।
গতকাল উড়ালসড়ক উদ্বোধনের পর এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। বিগত দিনে আমরা অনেক উন্নয়ন করেছি। বিগত জোট সরকার সেই উন্নয়নের ধারাবাহিকতা রাখেনি।’ নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসমাপ্ত কাজ শেষ করতে আমরা আপনাদের সহায়তা চাই।’
গতকাল চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ওই সুধী সমাবেশের আয়োজন করে। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাটে জংশনে উড়ালসড়কের উদ্বোধন করে এটি আওয়ামী লীগের প্রয়াত নেতা এম এ মান্নানের নামে নামকরণের ঘোষণা দেন। এ ছাড়া নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ আরেকটি উড়ালসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেটি দলটির প্রয়াত নেতা আখতারুজ্জামান চৌধুরীর নামে নামকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

বহদ্দারহাট উড়ালসড়ক চট্টগ্রামবাসীর জন্য ঈদের উপহার বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বহদ্দারহাট উড়ালসড়কের গার্ডারধসে ১৪ জন নিহত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘ওই দুর্ঘটনার পর সেনাবাহিনীর তদারকিতে আমরা উড়ালসড়কের বাকি কাজ শেষ করার সিদ্ধান্ত নিই। নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ করায় সেনাবাহিনীকে অভিনন্দন।’

সমাবেশে প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দর থেকে বারেক বিল্ডিং হয়ে কর্ণফুলী শাহ আমানত সেতু পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস সড়ক নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, বন্দরের অর্থায়নে এই সড়ক নির্মাণ করা হবে। চট্টগ্রামে আরেকটি গভীর সমুদ্রবন্দর করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামকে আমরা সব সময় গুরুত্ব দিয়ে আসছি। এবার সরকার গঠনের পর যতবার চট্টগ্রাম এসেছি, ততবার টুঙ্গিপাড়ায়ও যাইনি।’

সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম, ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামছুল আলম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া প্রমুখ।

চট্টগ্রামের বহদ্দারহাটে গতকাল এম এ মান্নান উড়ালসেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসস
চট্টগ্রামের বহদ্দারহাটে গতকাল এম এ মান্নান উড়ালসেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসস

সমাবেশে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী আরও ৩০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে নগরের বিভিন্ন এলাকায় রাস্তা সম্প্রসারণ ও ওভারপাস, রাউজানে বিদ্যুৎকেন্দ্র, নারী শ্রমিকদের জন্য ডরমিটরি বাস্তবায়ন প্রভৃতি।
ম্যুরাল উদ্বোধন: বহদ্দারহাট থেকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম প্রেসক্লাবে যান। ক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণসংবলিত মুক্তিযুদ্ধের ম্যুরাল উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে ম্যুরালের তৈলচিত্র হস্তান্তর করেন প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সাংবাদিকদের সহযোগিতা চান।
আধুনিক সেনাবাহিনীর জন্য সবকিছু করা হবে: বাসস জানায়, প্রধানমন্ত্রী গতকাল চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনীর সদস্যদের এক দরবারে যোগ দেন। এ সময় তিনি বলেন, সরকারপ্রধান হিসেবে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় সবকিছু করবেন। আগামীবার নির্বাচিত হলে তাঁর সরকার বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠন কার্যক্রম অব্যাহত রাখবেন।

এদিকে প্রধানমন্ত্রী চট্টগ্রাম সেনানিবাসে বাংলাদেশে মিলিটারি একাডেমিতে বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেন। ক্ষমতা গ্রহণের পর ২০০৯ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর সদস্যদের এক দরবারেও যোগ দেন। সেখানে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর প্রত্যেক সদস্যকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো স্বাধীন রাষ্ট্রের মতো বাংলাদেশের সংবিধান তথা গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় অন্যান্য প্রাতিষ্ঠানিক শক্তির মতো নৌবাহিনীকেও যেকোনো হুমকি মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে। দুটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।