চট্টগ্রামে উত্তরাধিকারের ১২ বছরে পদার্পণ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে নানা বয়সের মানুষ নানাভাবে অংশগ্রহণ করেছেন। যুদ্ধকালীন এবং যুদ্ধোত্তর সময়ে শহীদ হন অনেকে। এক কিশোরীর যুদ্ধযাত্রার নানা অভিজ্ঞতা এবং নয় মাসের সংগ্রামী জীবনের কাহিনি নিয়ে রচিত মুক্তিযুদ্ধের নাটক লাল জমিন। লাল জমিন মঞ্চায়ন এবং আলোচনা সভা আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের নাট্য সংগঠন ‘উত্তরাধিকার’ পালন করেছে ১২ বছরে পদার্পণ উৎসব। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে তিন দিনব্যাপী উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন সিকদারের সভাপতিতে উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক হরিশংকর জলদাস। অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সুচরিত দাশ, ফেডারেশনের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম এবং উৎসবের সমন্বয়কারী মাহমুদ রাসেল।অনুষ্ঠানের উদ্বোধক হরিশংকর জলদাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে সংযুক্ত করে নাট্য সংগঠন উত্তরাধিকারের জন্ম। তাদের মধ্যে স্বাধীনতার, অসাম্প্রদায়িকতা এবং মানবতার বীজ লুকোনো আছে। বাঙালির সাংস্কৃতিক চেতনাকে গত ১১ বছর ধরে বংশানুক্রমে বহন করে নিয়ে যাচ্ছে। যেমনটা ৪২ বছর পরও তরুণ প্রজন্ম তাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে সম্প্রতি রাজপথে নেমেছে।আলোচনা শেষে নৃত্য পরিবেশন করে ঘুঙুর নৃত্যকলা একাডেমির শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জের ফারুক তাহের। এ ছাড়া একক ও দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমীর শিল্পীরা। সন্ধ্যায় একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হয় শূন্যন প্রযোজিত লাল জমিন নাটক। মান্নান হীরার রচনায় এবং সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটিতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। উৎসবের দ্বিতীয় দিন আজ এবং আগামীকাল সন্ধ্যায় উত্তরাধিকারের প্রযোজনায় মঞ্চস্থ হবে উত্তরাধিকার ও মৃত্যুপাখি।